ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ঝিনাইদহে দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য খুন

ঝিনাইদহে দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য খুন
×

নিহত মোনায়েম হোসেন। ছবি: সংগৃহীত

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২১

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দুর্বৃত্তদের হামলায় মোনায়েম হোসেন (৪৮) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার কালিশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে এবং ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তিনি গ্রামের বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামের স্কুলের পেছনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী শিল্পী খাতুন বলেন, আমার স্বামী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামের স্কুলের পেছনে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি এখন বিধবা হয়ে গেলাম। আমার সন্তানরা এতিম হয়ে গেল। আমি এর বিচার চাই।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। নিহত ব্যক্তির কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না, তা জানা নেই। তবে তিনি নিষিদ্ধ একটি চরমপন্থি দলের সদস্য ছিলেন বলে জানা গেছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।

আরও পড়ুন

×