মায়ের মৃত্যুতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস
চিন্ময় কৃষ্ণ দাস। ছবি-সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৫১ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০১
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে মায়ের মৃত্যুর কারণে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এই আদেশ দেন।
সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, আর অল্প কিছু সময় পর চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পাবেন।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম জেলার হাটহাজারীর মেখল পুন্ডরিক ধামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রাণী ধর (৭১) মারা যান।
তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নে। তিন ভাই ও এক বোনের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস সবার ছোট। গুরুতর অসুস্থ মাকে দেখতে কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসকে প্যারোলে মুক্তি দিতে বুধবার কারা ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে আবেদন করেছিল পরিবার। সেই আবেদন মঞ্জুর করা হয়নি।
হাটহাজারী থানার ওসি মো. জাহিদুর রহমান বলেন, সন্ধ্যা রাণী ধর দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসে সংক্রমণ, নিম্ন রক্তচাপসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। প্রায় এক মাস চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাঁকে বুধবার রাতে পুন্ডরিক ধামে নিয়ে আসা হয়।
চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে আমার মা মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসা শেষে তাঁকে ধামে নিয়ে আসা হয়েছিল। ধর্মীয় আচারাদি পালন শেষে এখানেই তাকে সমাহিত করা হবে।
- বিষয় :
- চিন্ময় কৃষ্ণ দাস
- প্যারোলে মুক্তি