পেট্রল ঢেলে যুবকের শরীরে আগুন, জলাশয়ে লাফিয়েও বাঁচলেন না
ছবি-সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:১৬
ময়মনসিংহের মুক্তাগাছায় পেট্রল ঢেলে শরীরে আগুন ধরিয়ে ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শরীরে আগুন লাগার পর বাঁচার আকুতি নিয়ে পাশের জলাশয়ে লাফিয়ে পড়েও শেষ রক্ষা হয়নি তাঁর। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
বুধবার রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন। এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের দাবিসহ বিভিন্ন সামাজিক আন্দোলনে যুক্ত ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে বাসা থেকে বের হন ফরহাদ। এ সময় পেছন থেকে দুর্বৃত্তরা তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন তাঁর শরীরে ছড়িয়ে পড়লে যন্ত্রণায় ছটফট করতে করতে পাশের একটি জলাশয়ে লাফ দেন তিনি।
ফরহাদের আর্তচিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহতের পরিবারের ধারণা, সামাজিক বিরোধের জেরে মাদক কারবারিদের হাত থাকতে পারে এ হত্যাকাণ্ডের পেছনে।
ফরহাদের বাবা আব্দুস সাত্তার বলেন, ‘আমার ছেলে মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং বিভিন্ন সামাজিক আন্দোলন করত। এসব কারণে এলাকার একটি কুচক্রী মহলের সঙ্গে তার শত্রুতা তৈরি হয়। তারাই আমার ছেলেকে এভাবে পুড়িয়ে মেরেছে।’
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কী কারণে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- ময়মনসিংহ