ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মাছ শিকার শেষে ফেরার পথে ট্রলারডুবি, ১৪ জেলে উদ্ধার

মাছ শিকার শেষে ফেরার পথে ট্রলারডুবি, ১৪ জেলে উদ্ধার
×

ছবি- সংগৃহীত

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২৬

বরগুনার তালতলী উপজেলায় বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা ১৪ জেলেকে অন্য একটি ট্রলারের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির এখনো সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফকিরঘাট মৎস্য অবতরণ উপকেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ১৩ জন তালতলী উপজেলার এবং একজন সাতক্ষীরা জেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার।

জানা যায়, বুধবার তালতলী উপজেলার নিদ্রা এলাকার জাফর মিয়ার মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারে ১৪ জন জেলে সাগরে মাছ শিকারে যান। বৃহস্পতিবার আবহাওয়া খারাপ হয়ে সাগর উত্তাল হলে তারা উপকূলে ফিরতে শুরু করেন। ফকিরঘাট মৎস্য অবতরণ উপকেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে প্রচণ্ড ঢেউয়ের মধ্যে ট্রলারটি উল্টে ডুবে যায়।

ট্রলারডুবির খবর পেয়ে ফকিরঘাট মৎস্য অবতরণ কেন্দ্র ও স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। রাত ১০টার দিকে ‘সেলিম মাঝি’র ট্রলারের সহায়তায় সাগরে ভাসমান অবস্থায় ১৪ জেলেকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তারা নিরাপদে উপকূলে ফিরে নিজ নিজ বাড়িতে চলে যান।

উদ্ধারকারী ট্রলারের মাঝি রাজু মিয়া বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টার দিকে সাগরে ভাসতে থাকা ১৪ জেলেকে উদ্ধার করেন। তবে সাগর উত্তাল থাকায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

ফকিরঘাট মৎস্য অবতরণ কেন্দ্রের মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মো. মজিবর ফরাজী বলেন, সাগর উত্তাল থাকায় ফকিরঘাটে ফেরার পথে ট্রলারটি ডুবে যায়। খবর পাওয়ার পরপরই ঘাটে থাকা জেলেদের ট্রলার পাঠিয়ে ১৪ জনকেই উদ্ধার করা হয়। তারা সবাই সুস্থ আছেন।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বলেন, ট্রলারডুবির ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। উদ্ধার হওয়া সব জেলে নিরাপদে আছেন এবং সুস্থ রয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহায়তায় শুকনো খাবার ও চাল বিতরণ করা হবে।

আরও পড়ুন

×