নাফ নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই কিশোরের
খবর পেয়ে স্থানীয় জেলেরা ও কোস্টগার্ডের সদস্যরা নদীতে তল্লাশি শুরু করেন। ছবি: সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৫৬
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে গোসল করতে নেমে মোহাম্মদ নিশান (১৩) ও মোহাম্মদ আরজিন (১৪) নামের দুই কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় জেলে ও কোস্টগার্ড সদস্যরা প্রায় চার ঘণ্টা তল্লাশি চালিয়ে নদী থেকে দুই কিশোরকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
নিহত নিশান শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে। আরজিন একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে। তারা দুজনই সাবরাং ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সনজীব নাথ দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে কয়েকজন শিশু জেটিঘাটসংলগ্ন নাফ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে স্রোতের টানে নিশান ও আরজিন নদীর গভীর পানিতে চলে যায়। এরপর তাদের আর দেখা যায়নি। খবর পেয়ে স্থানীয় জেলেরা ও কোস্টগার্ডের সদস্যরা নদীতে তল্লাশি শুরু করেন। প্রায় চার ঘণ্টা পর দুই কিশোরকে উদ্ধার করা হয়।
জেটিঘাট এলাকায় বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন আবদুল মজু। তিনি বলেন, দুই কিশোর দীর্ঘ সময় পানিতে তলিয়ে ছিল। দ্রুত উদ্ধার করা গেলে হয়তো তাদের বাচানো সম্ভব হতো।
শাহপরীর দ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম বলেন, দুই কিশোরকে উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি। ভবিষ্যতে শিশুরা যাতে ঝুঁকিপূর্ণভাবে নাফ নদীতে গোসল করতে না নামে, সে বিষয়ে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সচেতন হতে হবে।
এসআই সনজীব নাথ বলেন, স্থানীয় জেলে ও কোস্টগার্ড সদস্যরা তল্লাশি চালিয়ে দুই কিশোরকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নাফ নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুশরাত জাহান বলেন, দুপুরে দুই কিশোরকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
- বিষয় :
- কক্সবাজার
- কিশোরের মৃত্যু