আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশ অশান্ত করতেই জামায়াতের লংমার্চ: রাশেদ খাঁন
ছবি: সমকাল
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৪৮
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত। জামায়াতের একের পর এক লংমার্চ কর্মসূচির ঘোষণা সেই ষড়যন্ত্রের অংশ।
তিনি বলেন, ভারতের একের পর এক অনুরোধ সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমান সফরে যাননি। পলাতক শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফর করবেন না।
শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট দেশের জাতীয় সমস্যা। এই সংকট উত্তরণে সরকারের পাশাপাশি বিরোধী দলের গঠনমূলক ভূমিকা প্রয়োজন। কিন্তু আমরা দেখছি বিরোধী দল গ্যাস ও বিদ্যুৎ সংকটের অজুহাতে লংমার্চ করছে। লংমার্চ করে কি এ ধরনের সমস্যার সমাধান হবে।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, এই জামায়াত স্বার্থের জন্য তার শত্রুদের সঙ্গে আঁতাত করতে পারে। ভারতের সঙ্গে আঁতাত করে ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরানোর জন্য জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের ভাষা ও জামায়াতের আমিরের ভাষা একই সূত্রে গাঁথা।
বিরোধী দলের লংমার্চের সমালোচনা করে রাশেদ খাঁন আরো বলেন, জ্বালানি সংকট থেকে উত্তরণের জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু জামায়াতসহ বিরোধীদল চট্টগ্রামে লংমার্চ করেছে। এখন তারা আবার রংপুরের উদ্দেশ্যে লংমার্চ করবে বলে ঘোষণা দিয়েছে। জামায়াতের এই লংমার্চ ও আওয়ামী লীগের ডিসেম্বরে ফেরার ঘোষণা দেশকে অশান্ত করার একটি অপচেষ্টা। জনগণকে বলব, আপনারা সতর্ক থাকুন। এই জামায়াতের চরিত্র সম্পর্কে জানুন।
এ সময় তিনি ঝিনাইদহসহ দেশের বিভিন্ন হাসপাতালের জনবল সংকট নিরসন ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।
পরে তিনি স্থানীয় শিশু কিশোরদের মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন। এসময় জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সমীনুজ্জামান সমীন, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।