ময়মনসিংহ
ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত ২, গুরুতর আহত শিশু
দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:০২
ময়মনসিংহ নগরীতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত নারীর ৭ বছর বয়সী এক শিশুপুত্র গুরুতর আহত হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শুক্রবার সকাল ১১টার দিকে নগরীর রহমতপুর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফুলবাড়িয়া উপজেলার সোহাগ (২৮) ও সোনিয়া আক্তার (২৫)। দুর্ঘটনায় গুরুতর আহত শিশুর নাম সাজিদ (৭)। সে নিহত সোনিয়া আক্তারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা ময়মনসিংহ শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি রহমতপুর বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সোনিয়া আক্তারের মৃত্যু হয়। এ সময় সোনিয়ার ছেলে সাজিদ ও সোহাগ নামের অপর এক যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে সোহাগের মৃত্যু হয়। এদিকে শিশু সাজিদের অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে এক নারী ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পুরুষের মৃত্যু হয়েছে। আহত শিশুটিকে ঢাকায় পাঠানো হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, ট্রাক ও সিএনজির সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া রয়েছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত
- সড়কে নিহত