হ্রদের পানি বেড়েছে, খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
ছবি: সমকাল
রাঙামাটি অফিস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৫২
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বাঁধের ওপর চাপ কমাতে আবারও ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি ছাড়া হচ্ছে। একই সময়ে রাঙামাটির পর্যটনকেন্দ্রের ঝুলন্ত সেতুর পাটাতনে পানি উঠে যাওয়ায় পর্যটকদের চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ঘরবাড়ি ডুবে যাওয়া ও ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাঁধের জলকপাট খুলে দেওয়া হয়েছে।
১৬টি জলকপাট দিয়ে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। শুক্রবার হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৫১ ফুট (মেইন সি লেভেল বা এমএসএল)। কাপ্তাই বাঁধের পাঁচটি ইউনিট থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট হওয়ায় পরিস্থিতি বিবেচনায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে স্থির হলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।
এর আগে গত ২৯ আগস্ট রাতে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছালে বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। তখন প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়। পরে পানির চাপ বাড়তে থাকায় কয়েক দফায় পানি ছাড়ার পরিমাণ বাড়ানো হয়। সর্বশেষ ৩০ আগস্ট সকাল ১০টা থেকে ১৬টি জলকপাট দিয়ে তিন ফুট করে পানি ছাড়া হয়েছিল।
পরে হ্রদের পানির উচ্চতা কমে আসায় গত রোববার বাঁধের সব কটি জলকপাট বন্ধ করে দেওয়া হয়। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
ঝুলন্ত সেতুতে পানি, পর্যটকদের চলাচল বন্ধ
এদিকে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় রাঙামাটির পর্যটনের প্রতীক হিসেবে পরিচিত ঝুলন্ত সেতুর পাটাতনেও পানি উঠে গেছে। শুক্রবার সকাল ৯টা থেকে পর্যটকদের জন্য সেতুটি বন্ধ করে দেওয়া হয়েছে।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার রাঙামাটির সরকারি পর্যটনকেন্দ্রে প্রায় তিন শতাধিক পর্যটক এসেছেন। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু পর্যটককে ঝুলন্ত সেতুর ওপর চলাচল করতে দেখা গেছে।
এর আগে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় এক সপ্তাহ সেতুটিতে পর্যটকদের চলাচল বন্ধ ছিল। পরে গত ৫ সেপ্টেম্বর সেতুটি আবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল।
রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, ঝুলন্ত সেতুর পাটাতনে প্রায় ৬ ইঞ্চি পানি ওঠায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে শুক্রবার সকাল থেকে পর্যটকদের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কাপ্তাই বাঁধ থেকে পানি ছেড়ে দেওয়ায় শনিবারের মধ্যে সেতুর পাটাতন থেকে পানি কমে যেতে পারে বলে তারা আশা করছেন। পানি কমে গেলে আবার পর্যটকদের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।
- বিষয় :
- কাপ্তাই বাঁধ
- পানি বিদ্যুৎকেন্দ্র
- পর্যটক