ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষ, আহত ৬

ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষ, আহত ৬
×

প্রতীকী ছবি

ফরিদপুর অফিস

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৩১

ফরিদপুরের বোয়ালমারীতে পার্কের সামনে ফুচকা খাওয়ার সময় উচ্চৈঃস্বরে হাসাহাসিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

আহত তরুণদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তারা হলেন– বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সেলিম শেখের ছেলে হৃত্বিক শেখ (২১) ও মনিরুল ইসলামের ছেলে কাকন (২০)।

হৃত্বিকের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কাকনের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলা পার্কের সামনে কয়েক দলে বিভক্ত কিশোর-তরুণরা চটপটি-ফুচকা খাচ্ছিল। এ সময় আনাম, মেহেদী ও সাগরের পক্ষে ১২-১৩ জন ছিলেন। তারা উচ্চৈঃস্বরে হাসাহাসি করলে হৃত্বিক ও কাকনের পক্ষের ১০-১২ জনের সঙ্গে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে সংঘর্ষে হৃত্বিক ও কাকন গুরুতর আহত হন। অপর পক্ষের কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বোয়ালমারী থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চটপটির দোকানে হাসাহাসি নিয়ে এ ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি।

আরও পড়ুন

×