চাঁদা না পেয়ে ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, আহত ৩
ছবি: ভিডিও থেকে নেওয়া
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ২২:০৭
লক্ষ্মীপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর শরীরে ও ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় ব্যবসায়ীদের মারধরও করা হয়। ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার বিকেল পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী-সংলগ্ন কালীবাজার রোডে এ ঘটনা ঘটে। এ সময় তিনজন ব্যবসায়ী আহত হন। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযুক্ত দেলোয়ার হোসেন ওই এলাকার মৃত ধনু মিয়ার ছেলে। অন্য দুই অভিযুক্ত হলেন তার ছোট ভাই শাকিল ও মুন্না।
ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, দেলোয়ার এর আগেও কালীবাজার এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছেন। তিনি সেলুন ব্যবসায়ী জগদীশের কাছে প্রতিদিন ৫০০ এবং মোবাইল সার্ভিস ব্যবসায়ী কৃষ্ণপালের কাছেও একই পরিমাণ চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত মঙ্গলবার দুপুরে দেলোয়ার, শাকিল ও মুন্না ব্যবসায়ী কৃষ্ণপালকে মারধর এবং দোকানে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন।
পাশের দোকানের ব্যবসায়ী শাহেদ আলম ও দোকানের কর্মচারী সোহাগ বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়। এ সময় একজন ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। আশপাশের ব্যবসায়ীরা আহতদের উদ্ধারে এগিয়ে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে শাহেদ আলম, সোহাগ ও রাকিব আহত হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর কালীবাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। ব্যবসায়ীরা চাঁদাবাজি ও হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, বাজারে এ ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুর রহমান বলেন, ‘ঘটনাটি আপনারা সবাই জানেন, এটি গণমাধ্যমেও এসেছে। একজন ব্যক্তি তার দুই সহযোগীকে নিয়ে দোকানে অবৈধভাবে প্রবেশ করে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে দোকানে পেট্রোল ছিটিয়েছেন এবং পাশে বসা একজনের মাথায়ও পেট্রোল ছিটিয়েছেন। এটি জীবন বিধ্বংসী কাজ।’
তিনি আরও বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে এবং মামলার কপি আদালতে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এটি আইনশৃঙ্খলা বিঘ্নকারী কাজ। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সবাইকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ করছি।’
- বিষয় :
- লক্ষ্মীপুর
- চাঁদা দাবি
- হত্যাচেষ্টা