রাষ্ট্রপতির সফর
সিকৃবি উপাচার্যের পদত্যাগের আন্দোলন সাময়িক স্থগিত
ছবি: সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:২২
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেছে আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাষ্ট্রপতির আসন্ন সিলেট সফরের প্রতি সম্মান জানিয়ে তিন দিনের জন্য এ কর্মসূচি স্থগিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপাচার্যের পদত্যাগের দাবিতে গত সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে টানা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল, সাদা দল এবং বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নেতা-কর্মীরা। আন্দোলনের ধারাবাহিকতায় ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তা তাদের প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। পাশাপাশি রাষ্ট্রপতি ও আচার্য বরাবর স্মারকলিপিও পেশ করা হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী সাদা দলের সিকৃবি শাখার সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোজাম্মেল হক বলেন, আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের সিলেট আগমনের কথা রয়েছে। তার প্রতি যথাযথ মর্যাদা প্রদর্শন করে আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত সব ধরনের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন থেমে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন উদ্যমে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পুনরায় শুরু করা হবে।
- বিষয় :
- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
- সিলেট
- উপাচার্য