ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মাহতাবপুর-বাদাঘাট

দুই বছরের ভোগান্তি এক দিনে মাটিচাপা

দুই বছরের ভোগান্তি এক দিনে মাটিচাপা
×

তাহিরপুরের মাহতাবপুর-বাদাঘাট বেহাল সড়ক সংস্কারে গতকাল শুক্রবার দিনব্যাপী কাজ করেন স্থানীয় যুবকরা সমকাল

 তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪১ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১১:১৯

| প্রিন্ট সংস্করণ

দুই বছরে ধরে মাহতাবপুর-বাদাঘাট বেহাল সড়কের কারণে ভোগান্তি সয়ে যাচ্ছিল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একাধিক গ্রামের বাসিন্দা। অবশেষে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে স্থানীয় একদল যুবক স্বেচ্ছাশ্রমে মেরামত করেছেন সড়কটি।
গতকাল শুক্তবার দিনব্যাপী কাজ করে স্থানীয় যুবকরা সড়কটি মেরামত করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাদের সহায়তা ছাড়াই সড়কটি জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলেন তারা।

বার বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দরজায় কড়া নেড়েও জনগুরুত্বপূর্ণ মাহতাবপুর-বাদাঘাট সড়কটি সংস্কারের ব্যবস্থা করা যায়নি। দীর্ঘ দুই বছর ধরে চলাচলের অনুপযোগী থাকার পর স্থানীয় যুবকদের স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার বৃহৎ বাণিজ্যিক এলাকা বাদাঘাট বাজার এবং তাহিরপুর যাতায়াতের গুরুত্বপূর্ণ এই বাইপাস সড়কটি সংস্কারে কোনো নজর ছিল না কর্তৃপক্ষের। দুই বছরে তারা যা পারেনি, এলাকার ছেলেরা তা এক দিনে করেছে।
স্থানীয়রা জানান, বালিজুরী ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকার লোকজন নিয়মিত এই পথ ব্যবহার করে থাকেন। বর্ষায় রাস্তার বিভিন্ন অংশ ভেঙে কাদামাটি জমে যাওয়ায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়।

সূত্র জানায়, বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেনের উদ্যোগে রাস্তাটি আগে নির্মিত হয়েছিল এবং পরে ইট সলিং করা হয়। এ বছর বর্ষার শুরুতে রাস্তার প্রায় ৩০০ মিটার অংশের ইট সরে গিয়ে বড় বড় গর্ত ও কাদাপানির সৃষ্টি হয়, যার ফলে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
জনদুর্ভোগের বিষয়টি স্থানীয় মাহতাবপুর গ্রামের যুবকদের নজরে এলে তারা নিজেদের উদ্যোগে একত্রিত হন। গতকাল সকাল থেকে দিনব্যাপী কোনো ধরনের আর্থিক সহযোগিতা বা অনুদান ছাড়াই তারা স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করেন।
উদ্যোক্তা যুবকদের মধ্যে অন্যতম বিপ্লব হাসান ইমন জানান, স্বেচ্ছাশ্রমে মেরামতের পর শুক্রবার বিকেল ৩টা থেকে এই সড়কে অটোরিকশা ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন পুনরায় চলাচল শুরু করেছে। স্বেচ্ছাশ্রমে রাস্তাটি মেরামতকারী যুবকরা হলেন– বিপ্লব হাসান ইমন, মো. আসাদুল হক, মো. রুহুল আমিন, মো. রফিক মিয়া, মো. মখলু মিয়া, মো. ছয়ফুল ইসলাম ও মো. দিদার হোসেন। 

আরও পড়ুন

×