ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

খুলনা

হেঁটে যা‌চ্ছিলেন যুবক, গুলি চালিয়ে হত্যা করল তিন দুর্বৃত্ত 

হেঁটে যা‌চ্ছিলেন যুবক, গুলি চালিয়ে হত্যা করল তিন দুর্বৃত্ত 
×

ফাইল ফটো

খুলনা ব্যুরো 

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৫৭

খুলনায় জলিল মুন্সি (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে নগরীর দৌলতপুর থানার কুলিরবাগান বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

জলিল ওই এলাকার দিলুর মুন্সির ছেলে। তিনি পেশায় একজন পাট শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে জলিল খুলনা মহাসড়‌কের কু‌লিবাগান আওয়ামী লীগ অ‌ফি‌সের সাম‌নে দি‌য়ে হেঁটে যা‌চ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি বুকের ডান পাশে এবং আরেকটি পিঠের বাম পাশে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথেই তিনি মারা যান।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার সুদর্শন কুমার রায় জানান, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। নিহত জলিলের বিরুদ্ধে থানায় মাদক মামলা ছিল। মাদক সংক্রান্ত বিরোধে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে।

এ বছর নগরীতে ৩০টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে মাত্র তিনটির তদন্ত শেষ করেছে পুলিশ।

আরও পড়ুন

×