ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

জামায়াতের কারণে গুলশানসহ সারাদেশে বিক্ষোভের সাহস পাচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন

জামায়াতের কারণে গুলশানসহ সারাদেশে বিক্ষোভের সাহস পাচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন
×

ছবি: সমকাল

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৪৭

জামায়াতের সঙ্গে আলাপ করেই হয়তো রাজধানীর গুলশানসহ বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে যোগাযোগ করে তারা এই মিছিল করার সাহস দেখিয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবারও আওয়ামী লীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে।

শনিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জামায়াত নেতারা বলছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই। কিন্তু আমরা বলতে চাই, দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপি নেতৃত্ব দিয়েছে। বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবন দিয়েছেন। তাই বিএনপি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সব পক্ষকে ঐক্যবদ্ধ রাখতে চায়। অন্যদিকে জামায়াত ও এনসিপি ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে।

এর আগে তিনি ঝিনাইদহ জেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×