ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক গোলাম ফারুক
ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরাম, ঢাকা-এর নির্বাহী কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠান
সমকাল ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১৬
ঢাকায় বসবাসরত সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার মানুষের পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরাম, ঢাকা-এর নির্বাহী কমিটি ২০২৬-২৯ গঠন করা হয়েছে। শুক্রবার রাতে এক অনুষ্ঠানে ৪১ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে কাজী মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে শেখ গোলাম ফারুক নির্বাচিত হয়েছেন।
কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সভাপতি প্রকৌশলী গোপাল চন্দ্র সরকার, সহ-সভাপতি অধ্যাপক ডা. টিটু মিঞা, রঞ্জিত তালুকদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও সদস্য। ধর্মপাশা ও মধ্যনগরের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, এলাকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়নসহ হাওরকেন্দ্রিক বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, ধর্মপাশা ও মধ্যনগরের উন্নয়ন এবং ঢাকায় বসবাসরত এই দুই উপজেলার মানুষের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরিতে উন্নয়ন ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ধর্মপাশা-মধ্যনগর উপজেলা উন্নয়ন ফোরাম শুধুমাত্র একটি সাংগঠনিক কাঠামো নয়; বরং ধর্মপাশা ও মধ্যনগরের মানুষের ঐক্য, উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার নতুন প্রত্যাশার প্রতীক।
দল-মত ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে এলাকার মানুষের কল্যাণে সংগঠনটি আরও কার্যকর অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। সংবাদ বিজ্ঞপ্তি