তিতাসে নৌকাবাইচ দেখতে ভিড় হাজারো মানুষের
ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২১:২৯
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে দুই বছর পর অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য নৌকাবাইচ। শনিবার বিকেলে পৌর এলাকার শিমরাইল কান্দি গাঁওগেরাম পয়েন্ট থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। প্রায় দেড় কিলোমিটার দূরের মেড্ডা সরকারি শিশু পরিবারের কাছে গিয়ে তা শেষ হয়। নদীর দুই তীরে হাজার হাজার মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে এই নৌকাবাইচ উপভোগ করেন।
এদিন দুপুর তিনটার দিকে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। জেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে।
নৌকাবাইচ দেখার জন্য এদিন সকাল থেকেই তিতাসের দুই তীরের পরিবেশে উৎসবের আমেজ দেখা দেয়। দূর-দূরান্তের দর্শনার্থীরা ছোট-বড় নৌকা নিয়ে আসেন। দুপুরের আগেই নৌকায় ভরে যায় তিতাস। নদীর পশ্চিম তীরের বহুতল ভবন, গাছের ডালে বিপুলসংখ্যক মানুষ অবস্থান নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নৌকাবাইচে সদর, নবীনগরসহ কয়েকটি জায়গার ১০টি নৌকা প্রাথমিক প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতি ধাপে জয়ী একটি করে বিজয়ী নিয়ে চূড়ান্ত নৌকাবাইচে অংশ নেয় চারটি নৌকা। সবার আগে নির্দিষ্ট জায়গায় পৌঁছে প্রথম স্থান অধিকার করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শাপলা বয়েজ ক্লাবের পক্ষে আবুল কালামের নৌকা। দ্বিতীয় স্থানে ছিল একই উপজেলার দারমার হাবিবুর রহমানের নৌকা। নবীনগর উপজেলার পইল যুবসংঘের কাউছার মিয়ার নৌকা ছিল তৃতীয় অবস্থানে।
আয়োজক সূত্র জানায়, প্রথম স্থান অর্জনকারীরা নগদ দুই লাখ টাকা পুরস্কার পান। এ ছাড়া দ্বিতীয় স্থানে থাকা নৌকা দেড় লাখ টাকা ও তৃতীয় স্থানে থাকা নৌকা এক লাখ টাকা পুরস্কার পায়। অংশগ্রহণকারী সব দলই নগদ ৩০ হাজার টাকা পায়। বিকেল সাড়ে ৫টায় প্রধান অতিথি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বিজয়ীদের হাতে পুরস্কারের টাকা তুলে দেন।
সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে নানা নেতিবাচক সংবাদের প্রসঙ্গ তুলে সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘এই নৌকাবাইচ প্রতিযোগিতার মাধ্যমে প্রমাণিত হলো ব্রাহ্মণবাড়িয়া সাংস্কৃতিক রাজধানী। নৌকাবাইচ ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যেরই অংশ। মানুষ চায়, প্রতিবছর নৌকাবাইচ হোক।’ আগামী বছর থেকে নিয়মিতভাবে এই আয়োজনের আশা প্রকাশ করেন তিনি।
জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত (নারী) আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- নৌকাবাইচ
- ভিড়