ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন জুয়ায় ১৫ লাখ টাকা খুইয়ে দুধ দিয়ে গোসল, তওবা যুবকের

অনলাইন জুয়ায় ১৫ লাখ টাকা খুইয়ে দুধ দিয়ে গোসল, তওবা যুবকের
×

ছবি: সমকাল

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০১:০১

অনলাইন জুয়ায় দীর্ঘদিনের জমানো প্রায় ১৫ লাখ টাকা খুইয়ে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে তওবা করেছেন খাগড়াছড়ির রামগড়ের এক যুবক। ভবিষ্যতে কোনো ধরনের অনলাইন জুয়া বা ক্যাসিনোয় যুক্ত না হওয়ার শপথও নিয়েছেন তিনি।

শনিবার দুপুরে উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ শপথ নেন লামকুপাড়া এলাকার বাসিন্দা মো. সজীব মিয়া (২৬)। তিনি ওই এলাকার নুরুন্নবীর ছেলে এবং পেশায় সবজি ব্যবসায়ী। এ সময় প্রায় ১০ লিটার দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করেন সজীব। স্থানীয় মুরব্বিরাও তাঁর মাথা ও শরীরে দুধ ঢেলে দেন।

সজীব জানান, প্রায় সাত-আট বছর আগে মোবাইল ফোনে অনলাইন ক্যাসিনোর চটকদার বিজ্ঞাপন দেখে জুয়ায় জড়িয়ে পড়েন তিনি। ধীরে ধীরে এটি নেশায় পরিণত হয়। পকেটে ৫০ টাকা থাকলেও ১০০ টাকা ধার করে বাজি ধরতেন। এভাবে কষ্টার্জিত প্রায় ১৫ লাখ টাকা হারান তিনি।

একপর্যায়ে আসক্তি থেকে বেরিয়ে আসতে নিজের স্মার্টফোনও ভেঙে ফেলেছিলেন সজীব। তবে তাতেও পুরোপুরি জুয়া ছাড়তে পারেননি। তিনি বলেন, প্রায় দুই মাস আগে এই পথ যে ধ্বংস ডেকে আনছে, তা উপলব্ধি করেন। সম্প্রতি বিয়ের পর স্ত্রীও তাঁকে জুয়া ছাড়ার জন্য শপথ করান। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে নিজের ভুল স্বীকার করে চিরতরে জুয়া ছাড়ার সিদ্ধান্ত নেন।

সজীব বলেন, ‘যারা এখনো অনলাইন জুয়ায় আসক্ত, তাঁদের অনুরোধ করব—জীবন ও পরিবার ধ্বংস হওয়ার আগেই এই পথ ছাড়ুন। আমি যেন সততার সঙ্গে ব্যবসা করে পরিবার নিয়ে বাঁচতে পারি, সবাই দোয়া করবেন।’

রামগড় থানার ওসি নাজির আলম বলেন, সজীবের আত্ম-উপলব্ধি প্রশংসার দাবিদার। তাঁর এ পদক্ষেপ দেখে অনলাইন জুয়ায় আসক্ত অন্য তরুণেরাও স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে আশা করেন তিনি।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম বলেন, ‘এটি বিরল ও অনুকরণীয় দৃষ্টান্ত। যারা অনলাইন জুয়ার ফাঁদে আটকে আছেন, তাঁদের নিজেদের ও পরিবারের কথা ভেবে সজীবের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসা উচিত।’

আরও পড়ুন

×