কারিগরি ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ
ফাইল ছবি
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৪০
কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। রোববার বেলা ১১টা থেকে ইউনিটটি পুরোপুরি বন্ধ রয়েছে। তবে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারিগরি ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিট বন্ধ রয়েছে। এটি চালু হতে অন্তত চার দিন সময় লাগতে পারে। ত্রুটি মেরামতের কাজ চলছে। তবে কী ধরনের ত্রুটি হয়েছে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।
কেন্দ্র সূত্রে জানা যায়, ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের এনটিপিসি লিমিটেডের মধ্যে ২০১২ সালের ২৯ জানুয়ারি চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের (বিআইএফপিসিএল) অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।
রামপাল উপজেলার রাজনগর ও গৌরম্ভা ইউনিয়নের সাপমারী-কৈগর্দ্দাশকাঠি মৌজায় ১ হাজার ৩৪ একর জমি অধিগ্রহণ করে প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে কেন্দ্রটি নির্মাণ করা হয়। দীর্ঘ নির্মাণপ্রক্রিয়া শেষে ২০২২ সালের ২৩ ডিসেম্বর প্রথম ইউনিটে উৎপাদন শুরু হয়। পরের বছর ২৪ অক্টোবর দ্বিতীয় ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। ২০২৪ সালের ১২ মার্চ দ্বিতীয় ইউনিট আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদনে যায়।
তবে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর কারিগরি ত্রুটিসহ বিভিন্ন কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন ৩০ বারের বেশি বন্ধ হয়েছে বলে কেন্দ্র সূত্রে জানা গেছে।
- বিষয় :
- বাগেরহাট
- রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র