নারায়ণগঞ্জ
গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৪৮
নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে গার্মেন্টস কর্মকর্তা সাখাওয়াত হোসেন শুভ্র হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়। রোববার দুপুরে জেলা ও দায়র জজ মো. আবু শামীম আজাদ পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ মামলায় দুজন পলাতক রয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, বাবুল সাহা জীবন (৪২), নাজমুল ইসলাম (৩৭), সঞ্জয় দাস (৩৯), মিলন (৪১), বশির (৪০), সমীর চন্দ্র মন্ডল (৩৯) ও কাউছার (৪৩)।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির জানান, ২০১৭ সালের ১৫ আগস্ট মাসদাইর এলাকায় একটি বহুতল ভবনে বন্ধুরা মাদক সেবনের পর শুভ্রকে মাথায় আঘাত করে হত্যা করে। ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার জন্য ভবন থেকে তাকে ফেলে দেয়।
এ ঘটনায় নিহতের বাবা সাখাওয়াত হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় সাতজনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ শুনানি ও ২৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
- বিষয় :
- হত্যা মামলা
- হত্যা মামলার রায়
- যাবজ্জীবন
- কারাদণ্ড