পদ্মায় নৌকাডুবি
মায়ের সঙ্গে ভেসে ভারতীয় জলসীমায়, দেশে ফিরল ২০ দিনের তানিশা
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১৫ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১৯
নৌকাডুবির পর মায়ের সঙ্গে ভেসে যায় ২০ দিন বয়সী তানিশা। উত্তাল পদ্মার স্রোতে ভাসতে থাকা অবস্থায় অন্যদের সঙ্গে ভারতীয় জলসীমায় পৌঁছায় শিশুটি। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করেন। শনিবার রাতে উদ্ধারের পরে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে পাঠানো হয়।
মুর্শিদাবাদের লালগোলা থানার তারানগরের বাসিন্দা শ্যামলাল মণ্ডল বলেন, বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসেন। এ সময় শিশুটিকে অনেকটা নিস্তেজ দেখাচ্ছিল। পরে দ্রুত তাকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে পরীক্ষা করে চিকিৎসকরা জানান, শিশুটি সুস্থ রয়েছে।
তানিশা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুরের মো. সোহেল ও তানিয়া খাতুন দম্পতির মেয়ে। রাতে অন্যদের সঙ্গে সুস্থ অবস্থায় দেশে ফিরেছে সে।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, তানিশাসহ উদ্ধার হওয়া ১০ বাংলাদেশিকে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করেছে।
এর আগে শনিবার বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী থেকে নারী-শিশুসহ ১১-১২ জনকে নিয়ে একটি নৌকা জোহুরপুর-টেকের দিকে যাচ্ছিল। পদ্মা নদীর মাঝপথে দমকা হাওয়ায় নৌকাটি ডুবে যায়। এ সময় ১০ জন ভেসে ভারতীয় জলসীমায় চলে গেলে বিএসএফ তাদের উদ্ধার করে। রাতে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। এতে বিজিবির ফরিদপুর ও বিএসএফের খান্দুয়া ক্যাম্পের কমান্ডাররা অংশ নেন। বৈঠক শেষে উদ্ধার হওয়া ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
- বিষয় :
- পদ্মা নদী
- নৌকাডুবি
- বিএসএফ
- বিজিবি
- চাঁপাইনবাবগঞ্জ