ব্রাহ্মণবাড়িয়ায় হচ্ছে না নবীনবরণের কনসার্ট, এমপির মধ্যস্থতায় সমঝোতা
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:২৯ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৩২
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষে অনুষ্ঠিতব্য কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের আপত্তির মুখে সৃষ্ট জটিলতা স্থানীয় সংসদ সদস্যের মধ্যস্থতায় অবসান হয়েছে। শনিবার রাতে খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বাসায় উভয়পক্ষকে নিয়ে অনুষ্ঠিত সভায় এ সমঝোতা হয়। এতে সিদ্ধান্ত হয়- কলেজের মূল ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠিত হবে। আর কনসার্টের পরিবর্তে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
কলেজের নবীনবরণ উপলক্ষে আগামীকাল সোমবার মূল ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচি ও কনসার্ট আয়োজনের কথা ছিল। কনসার্টের ব্যাপারে কওমি ছাত্র ঐক্য পরিষদ আপত্তি জানিয়ে শুক্রবার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের কাছে স্মারকলিপি দেন। উদ্ভূত পরিস্থিতিতে উভয়পক্ষকে নিয়ে শনিবার রাতে সংসদ সদস্য তাঁর বাসায় বসেন। সভায় আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা হয়, মূল ক্যাম্পাসে নবীনবরণের অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে।
বৈঠকে কওমি ছাত্র ঐক্য পরিষদের সদস্য আব্দুল খালেকের নেতৃত্বে ৭ থেকে ৮ জন সদস্য অংশ নেন। অন্যদিকে কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদত হোসেন ভূইয়ার নেতৃত্বে ছাত্রদলের নেতারাও যোগ দেন।
কওমি ছাত্র ঐক্য পরিষদের সদস্য আব্দুল খালেক এ বিষয়ে বলেন, ‘আমরা সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করেছি। সরকারি কলেজ মাঠে কোনো কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না।
দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘অশ্লীলতা হবে না’- এই শর্তে ভেতরের মাঠে (দক্ষিণ ক্যাম্পাস) অনুষ্ঠান করার বিষয়ে আমরা একমত হয়েছি।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, ‘আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়েছে। নবীনবরণ ও আলোচনা সভা মূল ক্যাম্পাসে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দক্ষিণ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।’
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ওবায়দুল হকের কাছে জানতে চাইলে তিনি নবীনবরণ অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ও কলেজের উপাধ্যক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

উপাধ্যক্ষ মোহাম্মদ মোশারফ হোসাইন বলেন, ‘দক্ষিণ ক্যাম্পাসে ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মূল ক্যাম্পাসের পাশেই একই সময়ে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ খেলা চলছে। তাই সাংস্কৃতিক অনুষ্ঠান দক্ষিণ ক্যাম্পাসে আমরা সরিয়ে নিয়েছি।’
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘কলেজের লোকজন ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে আমরা বসেছিলাম। একটা সমঝোতা হয়েছে।’
এদিকে বৈঠকের পর কওমি ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়ার ফেসবুক পেজে ‘ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে কোনো ধরনের কনসার্ট হবে না, শুধু নবীনবরণ অনুষ্ঠান হবে’ শিরোনামে একটি পোস্ট দেওয়া হয়।
ওই পোস্টে বলা হয়, নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট স্থগিতের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। পরে সংসদ সদস্যের হস্তক্ষেপে কলেজের সাধারণ শিক্ষার্থী ও কর্তৃপক্ষ তাদের কনসার্ট স্থগিতের দাবি মেনে নিয়েছে। একই সঙ্গে নবীনবরণ, বৃক্ষরোপণসহ অন্যান্য সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম বহাল রাখার বিষয়ে তারা মতামত দিয়েছেন বলে উল্লেখ করা হয়।
এদিকে শনিবার বেলা সাড়ে তিনটায় কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, মূল ক্যাম্পাসে নবীনবণ অনুষ্ঠানের জন্য বিরাট আকৃতির প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। প্যান্ডেলের ভেতরে চেয়ার আনা হচ্ছে। দক্ষিণ ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, ক্যাম্পাসের দক্ষিণ পাশে মঞ্চ নির্মাণের কাজ চলছে।
- বিষয় :
- কনসার্ট
- কওমি মাদ্রাসা
- কওমি মাদরাসা
- সমঝোতা