ভোলায় স্পিকার
আমাদের নিরপেক্ষতার ব্যাপারে কারও কোনো সন্দেহ নেই
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২১:২১
স্পিকার হিসেবে নিরপেক্ষতার প্রসঙ্গ উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, নিরপেক্ষতার প্রশ্নে দলের স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছি। দলীয় কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ করি না। সংসদে যারা বিরোধী দল আছে, এখন পর্যন্ত তারা মোটামুটি সন্তুষ্ট। আমাদের নিরপেক্ষতার ব্যাপারে তাদের কোন সন্দেহ নেই।
আজ রোববার বিকেলে ভোলার তজুমদ্দিন পরিষদে বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। হাফিজ উদ্দিন আহমদ বলেন, অত্যাচারী, লুন্ঠনকারীদের হাতে আমরা জিম্মি ছিলাম। এখনও তাদের শাস্তি হয়নি। আশাকরি আগামী দিনে সরকার তাদের শাস্তি দিতে পারবে। আমরা এ ধরনের দলকে কখনোই সমর্থন করবো না। বিদেশি রাষ্ট্রের দালালদেরকে বাংলাদেশের মাটিতে পা নামাতে দিবেন না।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে স্পিকার বলেন, সততার মূল্য অপরিসীম। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবে মারা গেছেন, কিন্তু আজও মানুষ তাকে কত সম্মান করে। মানুষ বিএনপিকে বার বার ভোট দেয়, বিএনপি বার বার ক্ষমতায় যায় জিয়াউর রহমান যা কিছু ভালো করে গেছেন সেই সুবাদেই। তিনি ৪/৫ বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, কিন্তু মৃত্যুর পর দেখা গেল তার কোন জমি নেই। ব্যাংকে কোন টাকা নেই। তার ৪ ভাই জীবিত ছিলেন, কেউ তাদের নামও জানে না। সততা ও দেশ প্রেমের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছেন। এ এক আদর্শ মুসলিম বিশ্বে এ ধরনের শাসক ইদানিং দেখা যায় না। আশাকরি বিএনপি তাঁর সুনাম রাখতে পারবে।
তজমুদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুসহ দলের নেতারা।
- বিষয় :
- ভোলা