ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মোটরসাইকেল থেকে ছিটকে পড়া শিক্ষিকাকে ট্রাকের চাপা

মোটরসাইকেল থেকে ছিটকে পড়া শিক্ষিকাকে ট্রাকের চাপা
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৪৮

সড়কে থাকা স্পিডব্রেকারে কোনো সতর্কতামূলক সাদা মার্কিং ছিল না। রাতে অন্ধকারে সেটি দেখতে না পেয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে ছিটকে সড়কে পড়ে যান সাত মাসের অন্তঃসত্ত্বা এক শিক্ষিকা। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

শনিবার রাত ১০টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই পাঁচরাস্তার মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষিকার নাম সাদিয়া আফরিন ইভা (৩৪)। তিনি ভালুকা পৌর শহরের মেহেদী হাসানের স্ত্রী এবং ভালুকার ভান্ডাবহ এলাকার আফতাব উদ্দিন কারিগরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তাঁদের ছয় বছরের একটি ছেলে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অন্তঃসত্ত্বা স্ত্রী ইভাকে নিয়ে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করাতে ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে যান মেহেদী হাসান। পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় তাঁরা কিছু সময় নদীর পাড়ে কাটান। পরে চিকিৎসক দেখিয়ে রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

পথে চুরখাই পাঁচরাস্তার মোড়ের কাছে স্পিডব্রেকারে উঠলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় পেছন থেকে ছিটকে সড়কে পড়ে যান ইভা। ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল আলম বলেন, দুর্ঘটনাস্থলের স্পিডব্রেকারে কোনো সাদা মার্কিং ছিল না। রাতে অন্ধকার থাকায় চালক সেটি দেখতে পাননি। ফলে হঠাৎ ঝাঁকুনিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইভা ছিটকে পড়ে যান।

স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। রোববার দুপুর ২টায় ভালুকা ফাজিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

×