নীলফামারীতে বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন আলফারুক একাডেমী
ছবি: সমকাল
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৩৫
ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই নীলফামারীর সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে জড়ো হতে থাকেন বিতার্কিকেরা। নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন। যুক্তি, পাল্টা যুক্তি আর বুদ্ধিদীপ্ত উপস্থাপনায় দিনভর চলে বিতর্কের লড়াই। শেষ পর্যন্ত বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হয়েছে আলফারুক একাডেমী।
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্য সামনে রেখে গত ১৩ সেপ্টেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত হয় ১২তম বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব। এতে নীলফামারীর আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি মো. শাহীন আক্তার, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর সাংবাদিক এমআর আলম ঝন্টু এবং নাগরিক টেলিভিশনের সাংবাদিক সাদিকুল ইসলাম সাদিক।
উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমকালের নীলফামারী জেলা প্রতিনিধি ও বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা সমন্বয়ক আমিরুল হক। মডারেটর ছিলেন সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও আজকের পত্রিকার সাংবাদিক রেজা মাহমুদ।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক ও নারী উদ্যোক্তা শিউলি বেগম, সৈয়দপুর বিজ্ঞান কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ আবু সায়েম এবং বাংলাদেশ বেতার রংপুরের সংবাদ পাঠক ও আলফারুক একাডেমীর সহকারী শিক্ষক মামুনুর রহমান।
বিতর্কে অংশ নেয় সৈয়দপুর বিজ্ঞান কলেজ, সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, আদর্শ মহিলা স্কুল অ্যান্ড কলেজ, আলফারুক একাডেমী, সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুল ও তুলশীরাম সরকারি বালিকা বিদ্যালয়।
সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে বিতর্ক প্রতিযোগিতা। এতে আটটি দল পক্ষে-বিপক্ষে নিজেদের যুক্তি তুলে ধরে। দীর্ঘ প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হয় আলফারুক একাডেমী। চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন- আব্দুল্লাহ দানিয়ান, আতিক হাসান ও হানজলা সৈকত।
রানার্সআপ হয়েছে সৈয়দপুর বিজ্ঞান কলেজ। এ দলের সদস্য ছিলেন- রোহামা সুলতানা, নুসাইবা নাওয়ার ও ইমানা শাহরিন। আর সেরা বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের আব্দুল্লাহ দানিয়ান।
পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।