অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার
আব্দুল ওয়াদুদ ওরফে মানিক
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৩৬
কুমিল্লায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকদের হত্যার অভিযোগে আব্দুল ওয়াদুদ ওরফে মানিককে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মানিক এই চক্রের মূল হোতা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাম্প্রতিক সময়ে দুই অটোরিকশা চালক হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে। পাশাপাশি ২০২৪ সালে এক চালক হত্যার ঘটনাতেও তার সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ।
গ্রেপ্তার মানিক মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের গনিপুর গ্রামের আমিনুল ইসলাম দুলালের ছেলে। পুলিশ জানিয়েছে, এসব হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার কুমিল্লা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১২ আগস্ট নাঙ্গলকোটের আতিয়াবাড়ী এলাকা থেকে মো. মেহেদী (১৮) নামে এক অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তায় আব্দুল ওয়াদুদ মানিক, শাহেদ, ফাহিম ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মেহেদীকে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গত ২৪ জুলাই নাঙ্গলকোটে অটোরিকশাচালক মো. আরমান হোসেন (১৫) নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। পরে ফোনটি মানিকের কাছে পাওয়া যায়। এ ঘটনায় জোবায়ের হোসেন সুজন, নূর আলম ও গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে আরমানকে অপহরণের পর হত্যার তথ্য পাওয়া যায় বলে পুলিশের দাবি। পরে মানিকও হত্যার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর মনোহরগঞ্জের বিনয়ঘর এলাকার একটি পুকুর থেকে আরমানের মরদেহ উদ্ধার করা হয়। তার অটোরিকশাটিও কেটে ফেলা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এদিকে মানিককে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর লাকসামের অটোরিকশাচালক শাহজাহান ওরফে সাইমন (১৭) হত্যার সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে সাইমনকে শ্বাসরোধে হত্যার পর লাশ লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত কোয়ার্টারে কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছিল। ওই মামলাটি বর্তমানে বিচারাধীন।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, গ্রেপ্তার আব্দুল ওয়াদুদ মানিক একজন পেশাদার ‘সিরিয়াল কিলার’। তার মূল লক্ষ্য ছিল অটোরিকশা ছিনতাই এবং চালকদের হত্যা করা। জিজ্ঞাসাবাদে তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আরও তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
- বিষয় :
- কুমিল্লা
- হত্যার রহস্য উদ্ঘাটন
- গ্রেপ্তার