গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু
প্রতীকী ছবি
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ২০:২৫
এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিউলী রানী দাস নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গত সোমবার রাতে নেত্রকোনার বারহাট্টা উপজেলার বৃ-কালিকা গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন তিনি। শিউলী ওই গ্রামের মিন্টু চন্দ্র দাসের স্ত্রী।
জানা গেছে, গত সোমবার রাত ৮টার দিকে মিন্টু চন্দ্র দাসের ঘরের ভেতরে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। স্থানীয়রা এগিয়ে গেলে ঘরের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ সময় শিউলী রানী দাস গ্যাসস্টোভে রাতের রান্না করছিলেন। রান্নার শুরুতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। ভাতের চাল চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। দুই শিশু সন্তান ঘরে মায়ের সঙ্গেই ছিল। শিউলী ঘর থেকে শিশু দুটিকে বের করে দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দগ্ধ হন তিনি। স্থানীয়দের চেষ্টায় শিউলীকে উদ্ধার করে প্রথমে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।
প্রতিবেশী কাজল চন্দ্র দাস জানান, আগুনে মিন্টুর ঘরের সব পুড়ে গেছে। শিউলীর শরীরের সম্পূর্ণ অংশ পুড়ে গেছে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বারহাট্টা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার বিপুল কুমার ঘোষ বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, অগ্নিদগ্ধ ওই নারী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বিকেলে মারা গেছেন।