শিক্ষার্থীদের বর্তমান ও ভবিষ্যতের প্রযুক্তি সম্পর্কে জানতে হবে: পরিবেশমন্ত্রী
লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ০০:১৮
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ইতিহাস ও সমাজবিজ্ঞানের পাশাপাশি বর্তমান ও ভবিষ্যতের প্রযুক্তি সম্পর্কেও শিক্ষার্থীদের জানতে হবে। ছেলেমেয়েদের সবকিছুর সমন্বয়ে শিক্ষা দেওয়া না হলে সেই শিক্ষায় কোনো লাভ হবে না। গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা, সুশাসন, দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আমরা চাই, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজটা পরিবর্তন হোক। ভবিষ্যতে যে সমাজে আমাদের ছেলেমেয়েরা একটা অর্থবহ জীবন কাটাতে পারবে।
দুর্নীতি প্রসঙ্গে শ্লেষাত্মক ভাষায় তিনি বলেন, ‘রাজনীতিবিদদের কাজ বক্তৃতা দেওয়া আর সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা। দুর্নীতি তো আমাদের সমাজে হয়। আমরা আস্তে আস্তে দুর্নীতি ক্যাচ করব। দুর্নীতি প্রতিরোধ করা আমাদের প্রধান দায়িত্ব।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমি নিজেও যদি কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে পয়সা নেই, তাও আপনাদের মাধ্যমেই হচ্ছে। দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জেলা পুলিশ সুপার মো. আবু তারেকসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানী ও জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান।
- বিষয় :
- পরিবেশমন্ত্রী
- প্রযুক্তি
- শিক্ষার্থী