মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল
ছবি- সমকাল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:২৮
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, শিক্ষার্থীদের মাদক, জুয়া ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে হবে। আজকের শিশুরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বুধবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি ফয়সল বলেন, বর্তমানে মাদক, জুয়া ও মোবাইল আসক্তি সমাজে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। এসব আসক্তি শিক্ষার্থীদের স্বাভাবিক জীবন ও পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে। তাই ছোটবেলা থেকেই শিশুদের এসব ক্ষতিকর বিষয় থেকে দূরে রাখতে হবে। তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন, শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষা দিলেই হবে না, তাদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। এর মাধ্যমে তারা ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, শিক্ষক ইস্কান্দর মির্জা ও মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- শিক্ষার্থী
- মাদক
- জুয়া