ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

৪৫৯৯ ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

৪৫৯৯ ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী
×

ছবি: সমকাল

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১২

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ৪৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চান। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। 

এ সময় তিনি উপজেলা মিনি স্টেডিয়ামকে ‘শহীদ মঞ্জুর স্টেডিয়াম’ হিসেবে ঘোষণা করেন।

তিনি বলেন, জেলা পর্যায়ে ক্রীড়া অফিসার থাকলেও উপজেলা পর্যায়ে কোনো ক্রীড়া অফিসার ছিল না। বর্তমান সরকার মাঠপর্যায়ে খেলাধুলাকে এগিয়ে নিতে ৪৯৫টি উপজেলায় ক্রীড়া অফিসারের সঙ্গে দুজন করে স্টাফ নিয়োগ দিচ্ছে। এ ছাড়া আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামে একটি পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত হচ্ছে। কারণ, খেলাধুলার মাধ্যমেই আমরা মননশীলতা, ধৈর্য ও শৃঙ্খলাবোধ ফিরিয়ে আনতে পারব, যা অন্য কোনো মাধ্যমে কখনোই সম্ভব নয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, একটি আধুনিক ও মানসম্মত খেলার মাঠ ও ক্রীড়া অবকাঠামো তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ৪,৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই। আপনারা দেখেছেন, অলিম্পিক ও এশিয়ান গেমসে আমরা শুধু অংশগ্রহণ করতে যাই, সেখানে পদকের জন্য কোনো স্বপ্ন থাকে না। তাই এখন আমরা জিরো থেকে কাজ শুরু করেছি; যেন আগামী পাঁচ বছর পর বিশ্বমঞ্চে শুধু অংশগ্রহণ নয়, পদকের জন্যই লড়াই করতে পারি। 

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, সুস্থভাবে জীবন যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া মনকে আনন্দ দেয় এবং শরীর সুস্থ রাখতে সহায়তা করে। আড়াইহাজার থেকে বিভিন্ন সময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এখানকার খেলোয়াড়েরা ভূমিকা রেখে দেশের মুখ উজ্জ্বল করেছেন।

ক্রীড়া সংগঠক ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম বলেন, খেলাধুলা যুবসমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সতেজ করে তোলে। মাদক ও জুয়া থেকে তরুণ সমাজকে দূরে রাখতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক দলের নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×