ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

১৫ দিনে তৃতীয়বার, হাতিয়ার সেই বিদ্যালয়ে আবারও অচেতন ১০ শিক্ষার্থী

১৫ দিনে তৃতীয়বার, হাতিয়ার সেই বিদ্যালয়ে আবারও অচেতন ১০ শিক্ষার্থী
×

হাসপাতালে অসুস্থ শিক্ষার্থী ও অভিভাবকরা। ছবি: এম সাখাওয়াত হোসেন/সমকাল

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ২১:০৭ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ২১:১৪

নোয়াখালীর হাতিয়ায় একটি বিদ্যালয়ে শ্রেণিকক্ষে আবারও শিক্ষার্থীদের অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ ১০ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ দিনের মধ্যে একই বিদ্যালয়ে আরও দুদিন এমন ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে আজ বুধবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য ও অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে একটি মতবিনিময় সভা চলছিল। সভা শেষ হওয়ার কিছুক্ষণ আগে শ্রেণিকক্ষে থাকা এবং বিদ্যালয়ের বিভিন্ন অংশে ঘোরাফেরা করা অবস্থায় কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশিস দাস বলেন, অসুস্থ ১০ জনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মাহেরুল ইসলাম নামের এক অভিভাবক বলেন, আজ নিয়ে তৃতীয় দিনের মতো এ ঘটনা ঘটল। এর আগেও দুদিন একইভাবে বিদ্যালয়ে আসার পর শিক্ষার্থীরা অজ্ঞান হয়ে পড়ে। আজ এ বিষয়েই অভিভাবক ও শিক্ষকদের মধ্যে মতবিনিময় সভা চলছিল। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই প্রতিবারের মতো আজও শিক্ষার্থীরা অজ্ঞান হয়ে পড়ে। এ নিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই নিজেদের সন্তানদের অন্য স্কুলে ভর্তির চিন্তাভাবনা করছেন।

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সম্পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এর প্রকৃত কারণ বলা যাচ্ছে না।

উল্লেখ্য, এর আগে গত ৭ ও ১৪ সেপ্টেম্বর একই বিদ্যালয়ে প্রায় ৫০ শিক্ষার্থীর এমন অসুস্থ হওয়ার ঘটনা ঘটে। আজকে আবার ১০ শিক্ষার্থীর অজ্ঞান হওয়ার ঘটনা ঘটল। এ পর্যন্ত চারজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×