শান্তিগঞ্জে নৌকাবাইচে হাজারো মানুষের ঢল
ছবি- সমকাল
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৫৭
আকিল শাহ তরী, স্বপ্নের তরী, জাকিরের তরী, জলপবন, রঙ্গিলা পবন এ রকম বাহারি নামে ১৮টি নৌকা অংশগ্রহণ করেছিল নৌকাবাইচে। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের খাই হাওরে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা।
ধাপে ধাপে অনুষ্ঠিত হওয়া আকর্ষণীয় নৌকাবাইচে চূড়ান্ত বিজয়ী হয় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জাকিরের তরী। পুরস্কার হিসেবে জাকিরের তরী জিতে নেয় একটি নতুন মোটরসাইকেল। দ্বিতীয় স্থান দখল করে স্বপ্নের তরী-১, তৃতীয় ও চতুর্থ স্থান দখল করে নেয় যথাক্রমে রঙ্গিলা তরী ও জলপবন। দ্বিতীয় স্থান দখলকারীকে দেওয়া হয় একটি বড় ফ্রিজ, তৃতীয় স্থানের পুরস্কার ছিল একটি মাঝারি মানের ফ্রিজ এবং চতুর্থ পুরস্কার ছিল একটি এলইডি টিভি।
এই নৌকাবাইচের আয়োজন করেন পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধলমৈশা গ্রামের বাসিন্দা ইংল্যান্ডপ্রবাসী আবুল হোসেন। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ আয়োজন দেখতে খাই হাওরের বেড়িবাঁধে জড়ো হন হাজার হাজার মানুষ। বেড়িবাঁধের পাড়ে দাঁড়িয়ে কিংবা ভাড়া করা নৌকায় বসে নৌকাবাইচ দেখেন উৎসুক জনতা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা প্রমুখ।
- বিষয় :
- নৌকাবাইচ