ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎসংযোগ স্থাপনে অতিরিক্ত অর্থ আদায়, হাতেনাতে ধরা পিডিবির কর্মী

বিদ্যুৎসংযোগ স্থাপনে অতিরিক্ত অর্থ আদায়, হাতেনাতে ধরা পিডিবির কর্মী
×

ছবি- সংগৃহীত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২:১৫

হবিগঞ্জ শহরে বিদ্যুতের নতুন সংযোগ লাইন স্থাপনে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক অফিস সহায়কের বিরুদ্ধে। গত মঙ্গলবার নাজমা আক্তার নামের ওই অফিস সহায়ক এক গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়কালে হাতেনাতে ধরা পড়েন। এ ঘটনার একটি ভিডিও স্থানীয়ভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে পিডিবি কর্তৃপক্ষ।

জানা যায়, শহরের শায়েস্তানগর এলাকার বাসিন্দা মোফাজ্জল হোসেন ইমন বিদ্যুতের নতুন সংযোগের সরকারি ফি জমা দিতে পিডিবি কার্যালয়ে যান। নির্ধারিত সরকারি ফি প্রায় এক হাজার ৬০০ টাকা হলেও দায়িত্বরত অফিস সহায়ক নাজমা তাঁর কাছ থেকে চার হাজার ৫০০ টাকা নেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই গ্রাহক কিছু টাকা কমানোর অনুরোধ করলেও নাজমা তাতে সাড়া দেননি।

ঘটনাটি জানাজানি হলে কয়েকজন গ্রাহক পিডিবির নির্বাহী প্রকৌশলী মনজুর মুর্শেদের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগের সত্যতা পেয়ে নির্বাহী প্রকৌশলীর নির্দেশে অভিযুক্ত অফিস সহায়ক নাজমা গ্রাহকের কাছ থেকে আদায় করা অতিরিক্ত টাকা ফেরত দেন। একই সঙ্গে নিজের ভুল স্বীকার করে ক্ষমার আবেদন জানান।

ভুক্তভোগী মোফাজ্জল হোসেন ইমন বলেন, ‘হবিগঞ্জ পিডিবি অফিসে হয়রানি ও ঘুষ দাবি নিত্যদিনের ঘটনা। নতুন সংযোগের ফি এক হাজার ৬০০ টাকা হলেও যার কাছ থেকে যত খুশি আদায় করা হচ্ছে। আমি ভিডিও ধারণ করায় বাধ্য হয়ে অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়েছে।’

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান অভিযোগ করে বলেন, ‘হবিগঞ্জ পিডিবি কার্যালয় অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। টাকা ছাড়া এখানে কোনো সেবা পাওয়া যায় না।’

এ বিষয়ে হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মনজুর মুর্শেদ জানান, বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×