ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধে হামলা, নিহত ১

শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধে হামলা, নিহত ১
×

আনোয়ার হোসেন ভূঁইয়া

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৯

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনোয়ার হোসেন ভূঁইয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় রুবেল ঢালী (৩৮) ও লিটন ভূঁইয়া (৩৫) নামে আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তারা নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার ভূমখাড়া ইউনিয়নের মানাখান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের সেকেন্দার ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানাখান গ্রামে কবরস্থানের জমি নিয়ে স্থানীয় জয়দুল ঢালী ও রুবেল ঢালীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত শুক্রবার জুমার নামাজের পর দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে রুবেল ঢালী বাজারে যাওয়ার পথে জয়দুল ঢালীর বাড়ির সামনে গেলে জয়দুল ও তার লোকজন রড ও কাঠ দিয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ। রুবেলকে রক্ষা করতে এগিয়ে গেলে আনোয়ার হোসেন ভূঁইয়াকেও প্রতিপক্ষের লোকজন পিটিয়ে গুরুতর আহত করেন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আনোয়ারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আনোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয় ও তার স্বজনরা প্রতিপক্ষ জয়দুল ঢালীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ সমকালকে বলেন, কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে একজন নিহত হয়েছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ এবং হামলায় কারা জড়িত ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×