ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ব্যবসায়ীর বাড়ি থেকে এক টন পাঠ্যবই জব্দ

ব্যবসায়ীর বাড়ি থেকে এক টন পাঠ্যবই জব্দ
×

ফাইল ছবি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:৫৯

টাঙ্গাইলের মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন চোরাই পাঠ্যবই জব্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নরকোনা গ্রামের ভাঙারি ব্যবসায়ী ইব্রাহিমের বাড়ি থেকে বইগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বাবুল হাসান।

স্থানীয় বাসিন্দা হোসেন মোবারক জানান, ইব্রাহীম হোসেন মাঝে মধ্যে মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গুদাম থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিনামূল্যের পাঠ্যবই কেজি দরে কিনে এনে বিক্রি করছিলেন। গত মঙ্গলবার বেশ কয়েক ভ্যান পাঠ্যবই ওই গুদাম থেকে কিনে আনেন। তারপর বাড়িতে রেখে গতকাল বুধবার অন্যত্র পাচারের চেষ্টা করেন। সন্দেহবশত গ্রামের কতিপয় যুবক খোঁজ নিয়ে দেখতে পান, সবগুলো নবম-দশম শ্রেণির বিনামূল্যের পাঠ্যবই। তারা স্থানীয় সংবাদকর্মী এবং থানা পুলিশকে খবর দেন।

ভাঙারি ব্যবসায়ী ইব্রাহীম হোসেন বলেন, তিনি মধুপুর শিক্ষা অফিসের অনুমোদন সাপেক্ষে নাইটগার্ড তোফায়েল আহমেদের সহযোগিতায় গুদাম থেকে এসব বই কেজি দরে কিনে এনেছেন। কাজেই তাঁর কোনো দোষ নেই।

বই বিতরণের দায়িত্বে থাকা একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দীন জানান, তাঁর অগোচরে নাইটগার্ড এই কুকর্ম করেছেন। পরে মধুপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন ঘটনাস্থলে যান এবং পাঠ্যবই জব্দ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভাঙারি ব্যবসায়ী ইব্রাহীম হোসেনকে আটক করে থানায় নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিনামূল্যের এসব পাঠ্য বই কীভাবে কোথায় থেকে এলো তা তদন্ত করে দেখা হবে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান বাদী হয়ে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন

×