ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বেহাল সড়কে দুর্ভোগে মানুষ

বেহাল সড়কে দুর্ভোগে মানুষ
×

 বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০৪

| প্রিন্ট সংস্করণ

চার বছর আগে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সিলেটের বিয়ানীবাজার-মাথিউরা-বহরগ্রাম সড়ক। এরপর ২০২৪ সালের তিন দফা বন্যায় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ আরও বাড়লে দীর্ঘদিনে তা সংস্কার করা হয়নি। ফলে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার তিন ইউনিয়নের বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন।

সিলেট অঞ্চলে ২০২২ সালের স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যা হয়। এ বন্যায় বিয়ানীবাজারের মাথিউরাবাজার থেকে গোলাপগঞ্জ উপজেলার বহরগ্রাম এলাকা পর্যন্ত সড়কের পলেস্তারা, ইট ও সুরকি ভেসে যায়।    কোনোক্রমে এ সড়কে যান চলাচল অব্যাহত থাকলেও ২০২৪ সালের তিন দফা বন্যা ও অতিবৃষ্টিতে সড়কটি বেহাল রূপ নেয়।

গত মঙ্গলবার সরেজমিনে সড়কের মাথিউরাবাজার থেকে দুধবকশী নয়াগ্রাম পর্যন্ত গিয়ে দেখা যায়, প্রায় ৬ কিলোমিটারের এই সড়কের মাত্র আধা কিলোমিটারে পলেস্তারা অবশিষ্ট রয়েছে। পুরো সড়কে ছোট-বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল অনেকটা বন্ধ। এছাড়া সামান্য বৃষ্টিতে সড়কের গর্তে পানি জমে কদাকার পরিবেশের সৃষ্টি হয়, বড় গর্তগুলো যেন ছোট ছোট ডোবায় পরিণত হয়েছে।
মাথিউরা দুধবকশী এলাকার সাবুল ইসলাম বলেন, এ সড়কের বাড়তি ভাড়া ছাড়া অটোরিকশা চলে না। দীর্ঘ চার বছর ধরে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগ পোহালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের উদ্যোগ নিচ্ছে না। 
উপজেলা প্রকৌশলী দীপক কুমার দাস বলেন, আমরা সড়কের গুরুত্ব বিবেচনা করে সিলেটের ওয়াইডেনিং প্রকল্পে এটি অন্তর্ভুক্ত করেছি। প্রাথমিক দাপ্তরিক কাজও এগিয়ে নেওয়া হয়েছে। প্রকল্প অনুমোদিত হলে দ্রুত সড়কটির সংস্কারকাজ সম্পন্ন করা হবে।’

আরও পড়ুন

×