কুবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের কক্ষ দখলের অভিযোগ
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪১
| প্রিন্ট সংস্করণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভর বিরুদ্ধে বিজয়-২৪ হলের কক্ষ দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। হল কর্তৃপক্ষ বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
জানা গেছে, মোস্তাফিজুর রহমান শুভর শিক্ষাজীবন শেষ হয়েছে প্রায় এক দশক আগে। তিনি ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। শিক্ষাজীবন শেষ হলেও তিনি দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতি করে আসছেন। গত ১৮ জুন ছাত্রদলের নতুন কমিটিতে তিনি আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন। এর আগের কমিটিতে সদস্য সচিব পদে দায়িত্ব পালন করেছেন।
অভিযোগ রয়েছে, প্রায় এক মাস আগে বিজয়-২৪ হলের ২১৬ নম্বর কক্ষে ওঠেন মোস্তাফিজুর রহমান শুভ। পরে ওই কক্ষে অবস্থানরত তিন শিক্ষার্থী কক্ষটি খালি করে অন্য কক্ষে চলে যান। বর্তমানে তিনি একাই সম্পূর্ণ কক্ষটি ব্যবহার করছেন। সূত্রমতে, প্রথম দিকে গভীর রাতে হলে প্রবেশ করলেও পরবর্তী সময়ে দিনের বেলাতেও তাঁকে হলে অবস্থান করতে দেখা গেছে। প্রশাসন ও শিক্ষার্থীদের নজর এড়াতে হলে অবস্থানের সময় তিনি কক্ষের দরজা সবসময় ভেতর থেকে আটকিয়ে রাখেন। এমনকি কক্ষের বাইরে জুতা না রেখে সেগুলোও ভেতরে রাখেন।
তবে হলে থাকার অভিযোগ অস্বীকার করেছেন মোস্তাফিজুর রহমান শুভ। তিনি বলেন, ‘আমি হলে উঠিনি বা থাকছি না। বিজয়-২৪ হলের পাশের একটি ফ্ল্যাটে (বিল্ডিং) আমার অ্যাপার্টমেন্ট আছে। দুই বছর ধরে আমি সেখানেই থাকি। কয়েকদিন আগে অনেক রাত হওয়ায় বাসার দারোয়ানকে খুঁজে না পেয়ে এক রাত হলে ছিলাম। যারা এ ধরনের কথা বলছেন, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বলছেন।’
এদিকে ২১৬ নম্বর কক্ষে আগে ছিলেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরিয়ান আরিফ, প্রত্নতত্ত্ব বিভাগের আশরাফ মুন্না এবং মোতাসিম বিল্লাহ রিফাত। জানা যায়, রিফাতের সিটে কিছুদিন তাঁর ভাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুনতাসীর বিল্লাহ থাকতেন। এ ছাড়া কয়েকজন শিক্ষার্থী ফ্লোরিং করেও ছিলেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভকে ২১৬ নম্বর কক্ষ দখলে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতাসিম বিল্লাহ রিফাত সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে রিফাত বলেন, ‘শুভ ভাই হলে উঠেননি। উনি দুই-তিন দিন হলে ছিলেন বিভিন্ন কারণে। বিজয়-২৪ হলের দক্ষিণে একটি বিল্ডিং-এ তিনি থাকেন।’
বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান খানের ভাষ্য, শুভ তাঁকে হলে ওঠার বিষয়ে কিছু জানাননি। প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে সবসময় হলের খোঁজখবর রাখেন তিনি। বিষয়টি জানার পর প্রক্টর ও উপউপাচার্যকে জানিয়েছেন। কিন্তু তারা কোনো উত্তর দেননি।
শুভর হলে অবস্থানের বিষয়ে সাংগঠনিকভাবে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চাইলে শাখা ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার বলেন, ‘হলে কে থাকেন বা কে উঠেছেন, সে বিষয়ে আমি জানি না। তবে অবৈধভাবে যাদের ছাত্রত্ব নেই, তারা হলে থাকতে পারবেন না। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ব্যবস্থা নেবে, সেটিই চূড়ান্ত।’
উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার জানান, হলে থাকার নীতিমালা আছে। যদি কোনো শিক্ষার্থী নীতি না মানেন, হল প্রশাসন পদক্ষেপ নিতে পারেন।
- বিষয় :
- কুবি