গাইবান্ধায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৫১
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী দুলালী বেগমকে হত্যার দায়ে বিরাজ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান। এর আগে বুধবার গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোল্ল্যা সাইফুল আলম এ রায় দেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বোগদহ পলুপাড়ার ফইম উদ্দিনের ছেলে বিরাজ আলীর সঙ্গে একই উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের দুদু মিয়ার মেয়ে দুলালী বেগমের ৮-৯ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তানের জন্ম হয়।
বিয়ের পর থেকেই তুচ্ছ বিষয় নিয়ে বিরাজ আলী স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া করতেন। একপর্যায়ে তিনি স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ না দিয়ে বাড়ি থেকে বের করে দেন। এরপর দুলালী বেগম বাবার বাড়িতে বসবাস করতেন। জীবিকার প্রয়োজনে তিনি পাশের বালুয়াহাট এলাকায় একটি বাড়িতে গৃহকর্মীর কাজ নেন।
মামলার বিবরণে আরও জানা যায়, ২০০৭ সালের ১৪ মে রাত ১১টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিরাজ আলীসহ চার-পাঁচজন দুলালী বেগমের পথরোধ করেন। তাকে জোর করে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। দুলালী এতে রাজি না হলে বিরাজ আলী ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
দুলালীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় দুলালীর মামা শহিদুল ইসলাম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বুধবার বিরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
- বিষয় :
- গাইবান্ধা
- যাবজ্জীবন কারাদণ্ড
- আদালত