রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, ডুবে গেছে অন্তত ১৫টি নৌকা
ছবি: সংগৃহীত
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১৮ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১৯
রাজশাহীর পদ্মা নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ায় উঁচু ঢেউয়ের কবলে পড়ে নোঙর করা অন্তত ১৫টি নৌকা ডুবে গেছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে উঁচু ঢেউয়ের তোড়ে টি-বাঁধ ও টি-গ্রোয়েন এলাকার এসব নৌকা ডুবে যায়। এসময় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭৫ মিটার বাঁধের বড় একটি অংশ। ঝড়ের সময় নৌকা রক্ষা করতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত ৯টার দিকে পশ্চিম দিক থেকে হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করে। বৃষ্টিও হতে থাকে। এতে মুহূর্তেই পদ্মা উত্তাল হয়ে ওঠে। এসময় পদ্মার ঢেউ তীরে আছড়ে পড়তে থাকে। এতে ঘাটে নোঙর করা নৌকাগুলো ডুবে যায়। এসময় নৌকা ও মাছ ধরার সরঞ্জাম রক্ষা করতে গিয়ে আহত হন কয়েকজন জেলে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে ডুবে যাওয়া নৌকা ও ইঞ্জিনের যন্ত্রাংশ উদ্ধারে চেষ্টা চালান জেলেরা। অনিক নামের এক জেলে বলেন, তাদের তিনটি নৌকা ঘাটে বাঁধা ছিলো। তিনটি নৌকাই ডুবে গেছে। পদ্মায় খুঁজেও পাওয়া যায়নি।
পদ্মার টি-গ্রোয়েন এলাকায় দেখা যায়, ঢেউয়ের আঘাতে প্রায় ৫ মাস আগে নির্মিত ৭৫ মিটার ব্লকের প্রায় ৮০ শতাংশ ধসে পড়েছে। বাঁধের ব্লক দেবে গিয়ে নদীতে বিলীন হওয়ার মতো অবস্থা হয়েছে। এতে কেশবপুরসহ নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে ঘরবাড়ি হারানোর আতঙ্ক দেখা দিয়েছে।
সাইফুল ইসলাম নামের এক বাসিন্দা জানান, ৪০ বছরের মধ্যে এমন ঘটনা তিনি দেখেননি। হঠাৎ উঁচু ঢেউ তীরে আছড়ে পড়েছে। অনেক নৌকা ডুবিয়ে গেছে।
টি-গ্রোয়েন এলাকার লুৎফর রহমান বলেন, কিছুক্ষণ সময় ধরে তীরে বড় বড় ঢেউ আছড়ে পড়ে। একপর্যায়ে তারা মনে করেছিলেন, নদীর পানি তাদের ঘরবাড়িতে চলে আসবে।
এদিকে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে আজ বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বাঁধ পরিদর্শন করেছেন। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, হঠাৎ ঝড়ো হাওয়ায় নদীর পানি ফুলে উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে। এটি জলোচ্ছ্বাস নয়। বৈজ্ঞানিকভাবে এ ধরনের ঘটনাকে ‘ব্যাকওয়াটার ইফেক্ট’ বলা হয়। এতে টি-বাঁধ ও টি-গ্রোয়েনের কিছু ইটের ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে সংস্কারকাজ শুরু করা হবে।
এদিকে গত কয়েকদিন ধরে কমছে পদ্মার পানি। গত সপ্তাহে পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি ১৯ দশমিক ৩৩ মিটারে উঠেছিলো। আজ বৃহস্পতিবার পদ্মার পানির উচ্চতা ছিলো ১৭ দশমিক শূন্য ৯ মিটার।