ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ধামরাইয়ে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৩

ধামরাইয়ে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৩
×

ছবি: সংগৃহীত

ধামরাই (ঢাকা) ও সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪৭ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৫১

ঢাকার ধামরাইয়ের পশ্চিম নান্দেশ্বরী এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন জাকারিয়া (১৩), আখিঁ আক্তার (২৫) ও সিএনজিচালিত অটোরিকশার চালক জুয়েল হোসেন (৬০)। আহতরা হলেন লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) ও সেলিম হোসেন (৩৫)।

আহতদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত সবাই টাঙ্গাইল জেলার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ধামরাইয়ের পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির চালক জুয়েল হোসেন মারা যান।

পরে আহতদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়া ও লাকী আক্তারকে মৃত ঘোষণা করেন।

নিহত আখিঁ আক্তারের বাবা আহত আবুল হোসেন বলেন, ‘সিএনজিতে মোট সাতজন ছিলাম। এর মধ্যে ছয় বছরের শিশু সাদিয়া আক্তার প্রাণে বেঁচে গেছে। পিকআপটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। সিএনজিকে ধাক্কা দেওয়ার পর চালক পিকআপটি ফেলে পালিয়ে যায়।’

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ঘটনাস্থল ধামরাই এলাকায় হলেও সাটুরিয়ার কাছাকাছি হওয়ায় খবর পাওয়ার পরপরই সাটুরিয়া থানার পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেয়। 

ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইলিয়াস হোসেন বলেন, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×