ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জঙ্গল সলিমপুরে দেড় ঘণ্টার যৌথ অভিযান ধরা পড়েনি কেউ

অংশ নেন পুলিশ, এসআরবি ও বিজিবির দেড় শতাধিক সদস্য

জঙ্গল সলিমপুরে দেড়  ঘণ্টার যৌথ অভিযান ধরা পড়েনি কেউ
×

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৫৪ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫৫

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা আবার সংগঠিত হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে দেড় ঘণ্টা ধরে চলা এই অভিযানে কেউ ধরা পড়েনি।  

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে গতকাল বিকেল সাড়ে ৪টায় অভিযান শুরু হয়। এতে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দেড় শতাধিক সদস্য তিনটি ভাগে ভাগ হয়ে অংশ নেন। এ সময় তারা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। তাদের কোনো ভয় নেই বলে আশ্বস্ত করেন। অভিযান শেষ হয় সন্ধ্যায় ৬টায়।

অভিযান শেষে পুলিশ সুপার জানান, স্থানীয়দের আতঙ্ক দূর করার পাশাপাশি সন্ত্রাসীদের বার্তা দেওয়া হচ্ছে ভবিষ্যতে নাশকতার চেষ্টা চালালে ছাড় দেওয়া হবে না। কোনো অপরাধমূলক তৎপরতা দেখলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে যোগাযোগের জন্য ক্যাম্পের নম্বর দেওয়া হয়েছে। সন্ত্রাসীদের কেউ কেউ গোপনে রাতে আসে। তাদের অনুসারীরা গুপ্ত থেকে সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করার কাজ চলছে।

গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় সশস্ত্র অপরাধীদের ধরতে অভিযানে গেলে র‍্যাব (বর্তমানে বিলুপ্ত) সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে র‍্যাবের চার সদস্য গুরুতর আহত হন। পরে র‌্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়ার মৃত্যু হয়।

এরপর ৯ মার্চ যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের পর প্রশাসন জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয়। এর পর থেকে এখন পর্যন্ত ৭৮ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও প্রভাবশালী সন্ত্রাসী ইয়াসিন, রোকন ও ছিন্নমূল নেতা মশিউর ধরাছোঁয়ার বাইরে। তারা আত্মগোপনে থাকলেও তাদের দ্বিতীয় ও তৃতীয় সারির অনুসারীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। 

এদিকে ১ সেপ্টেম্বর সীতাকুণ্ডে ২৮ মামলার আসামি রোকনকে বুলেটপ্রুফ জ্যাকেট পরা অবস্থায় দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ সময় পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সামাজিক মাধ্যমে এ ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

×