গণঅভ্যুত্থানের প্রতীক শহীদ বীর আবু সাঈদ: রাশেদ খাঁন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে রাশেদ খাঁন। ছবি: সমকাল
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৩৮
গণঅভ্যুত্থানের প্রতীক শহীদ বীর আবু সাঈদ। এমন একজন সন্তান জন্ম দিয়ে রংপুরবাসী গর্বিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার বেলা ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ‘আমি রংপুরে এসেছি এই বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। যে স্থানে দাঁড়িয়ে আবু সাঈদ দুই হাত উঁচু করে সাহসের প্রতীক হয়ে উঠেছিলেন, সেই সাহস সারা বাংলাদেশের মানুষকে সাহস জুগিয়েছে। গণঅভ্যুত্থানের বীজ এই রংপুর থেকেই বপন করেছিলেন বীর শহীদ আবু সাঈদ।’
তিনি আরও বলেন, ‘আবু সাঈদ আমাদের শিখিয়ে গেছেন কীভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়। তার সেই দৃশ্য সারা বাংলাদেশের মানুষকে নাড়া দিয়েছিল এবং দেশের জন্য বুক চিতিয়ে লড়াই করার সাহস জুগিয়েছিল।’
আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, ‘রংপুরবাসী ও স্থানীয় প্রশাসনকে আবু সাঈদের পরিবারের পাশে থাকতে হবে। এই বাংলাদেশ যতদিন থাকবে, আবু সাঈদের নাম বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে।’
বেরোবির শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। তাদের নেতৃত্বে এই রংপুর থেকে আবু সাঈদের নেতৃত্বে ফ্যাসিবাদ ও শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল এবং সেই লড়াই ৫ আগস্ট শেষ হয়।’
তিনি বলেন, ‘যে জাতি রক্ত দিতে জানে, যে জাতি মরতে জানে, সেই জাতিকে কেউ হারাতে পারে না।’
আবু সাঈদের আন্দোলনের সময়কার ফুটেজ ধারণ ও প্রকাশ করায় সাংবাদিকদের প্রশংসা করে রাশেদ খাঁন বলেন, ‘সবশেষে আমি প্রিয় সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই। যারা পুলিশের গুলির মুখে দাঁড়িয়ে সেই ফুটেজ সংগ্রহ করেছিলেন এবং প্রকাশ করেছিলেন। এই একটি দৃশ্য বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম ভূমিকা রেখেছিল।’
- বিষয় :
- গণঅভ্যুত্থান
- আবু সাঈদ
- রাশেদ খাঁন