ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিষপানে স্বামীর মৃত্যু, হাসপাতালে ভর্তি স্ত্রী

বিষপানে স্বামীর মৃত্যু, হাসপাতালে ভর্তি স্ত্রী
×

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ২০:১৭

কুমিল্লায় প্রেম করে বিয়ের এক মাসের মধ্যেই বিষপান করেছেন এক দম্পতি। এ ঘটনায় স্বামী নয়ন হোসেনের মৃত্যু হয়েছে। স্ত্রী বর্ষা বেগম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার দুপুরে নাঙ্গলকোট পৌর বাজার-সংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।

নয়ন হোসেন হেসাখাল ইউনিয়নের কুরকুটা গ্রামের কলিম উল্লার ছেলে। তার স্ত্রী বর্ষা বেগম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মনির হোসেনের মেয়ে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় এক মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে নয়ন ও বর্ষা বিয়ে করেন। বাড়িতে একসঙ্গে বিষপান করলে পরিবারের লোকজন তাদের হাসপাতালে নিয়ে আসে। তবে কী কারণে তারা একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত নন।

বর্ষার ভাই সোহেল ও বোন শিরিন আক্তার জানান, বিয়ের পর তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে সমস্যা হয়েছিল কিনা তাদের জানা নেই। খবর পেয়ে ছুটে এসেছেন তারা।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহীন বলেন, বিষপানের পর ওই দম্পতিকে হাসপাতালে আনা হলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবে হাসপাতালে আনার পর নয়ন হোসেনের কোনো লাইফ সাইন পাওয়া যায়নি। হয়তো রাস্তায়ই মারা গেছেন। এ ছাড়া স্ত্রী বর্ষার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাঙ্গলকোট থানার ওসি শাহীনূর ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী দুজন বিষপান করলে স্বামী মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×