ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ঘরে ঘরে সুপেয় পানি পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য: জোনায়েদ সাকি

ঘরে ঘরে সুপেয় পানি পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য: জোনায়েদ সাকি
×

ছবি: সমকাল

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ২০:২৫

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, নিরাপদ পানি ও আঞ্চলিক বৈষম্য দূর করে দেশের প্রতিটি অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য, যাতে সর্বস্তরের মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়।

শুক্রবার মানিকগঞ্জ সাটুরিয়ায় ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ শীর্ষক প্রকল্পের কাজ পরিদর্শন ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পানির স্তর নিচে নেমে যাওয়ায় গভীর থেকে পানি উত্তোলন করা হচ্ছে। এতে ব্যয় বেশি হচ্ছে। নদী থেকে পানি সুপেয় করে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত এ সরকারের রয়েছে।

তিনি বলেন, সারা দেশের মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন ও দেশ পুনর্গঠনে প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। এই অঙ্গীকারের অন্যতম মূল লক্ষ্য হলো আঞ্চলিক বৈষম্য দূর করে প্রতিটি অঞ্চলের সুষম বিকাশ নিশ্চিত করা, যাতে উন্নয়নের ছোঁয়া থেকে কোনো অঞ্চলই বঞ্চিত না হয়।

জোনায়েদ সাকি বলেন, সুপেয় পানি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার এবং তা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। সে লক্ষ্যেই ইতোমধ্যে স্থাপিত গভীর নলকূপের মাধ্যমে কতজন সুবিধা পাচ্ছেন এবং কতজন এখনও বঞ্চিত রয়েছেন, তার সঠিক তথ্য নিরূপণ করে সবাইকে এই প্রকল্পের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. হানিফ, উপপ্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, মানিকগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খায়রুল ইসলাম, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও প্রকল্পটির উপকারভোগীরা।

পরে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি কৈট্টা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে নারীপক্ষ আয়োজিত তরুণ নারী সম্মেলন শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন। এর আগে তিনি সাটুরিয়া ডাকবাংলোয় বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

আরও পড়ুন

×