ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের মিড ডে মিলের বানরুটি ফেলা হলো পুকুরে

শিক্ষার্থীদের মিড ডে মিলের বানরুটি ফেলা হলো পুকুরে
×

ছবি: সমকাল

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩১

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পৌরসভা এলাকার কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড ডে মিলের বানরুটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

গত বৃহস্পতিবার বিদ্যালয়ের আয়া লিপি দাসকে সরকারি বানরুটিগুলো পুকুরে ফেলে দিতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকায় অসন্তোষ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কয়েকজন অভিভাবক জানিয়েছেন, শিশু পুষ্টি বিবেচনা করে সরকার দুপুরের এসব খাবার দিচ্ছে। সেই খাবার শিক্ষার্থীদের না দিয়ে পুকুরে ফেলে দেওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম বলেন, রুটি বিতরণের দিন শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় কিছু বানরুটি অবশিষ্ট ছিল। পরে সেগুলো নষ্ট হয়ে যাওয়ায় পুকুরে ফেলে দেওয়া হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল হাই জানান, খবর পেয়ে তিনি বিদ্যালয়ে গিয়ে পুকুর থেকে বানরুটিগুলো উদ্ধার করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম বলেন, বিষয়টি জানার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিস্তারিত তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×