চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে মারধর, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
ছবি: ভিডিও থেকে নেওয়া
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৩১
লক্ষ্মীপুরের রায়পুরে সুপারি চুরির সন্দেহে এক শারীরিক প্রতিবন্ধী যুবককে আটক করে মারধরের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।
ভুক্তভোগী যুবকের নাম মো. আবু সায়েদ মিয়া। তিনি শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে স্বজনদের সহায়তায় জীবনযাপন করেন। সম্প্রতি তার বিরুদ্ধে সুপারি চুরির অভিযোগ তুলে তাকে আটক করেন বামনী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ইউপি সদস্য আলমগীরের উপস্থিতিতে সায়েদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
নির্যাতনের খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরে গত বুধবার বিকেলে রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামের সরদার বাড়ি সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা মো. সুমন হোসেন ও প্রতিবন্ধী আবু তাহের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সায়েদ একজন অসহায় প্রতিবন্ধী মানুষ। তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ থাকলে পুলিশকে জানানো যেত। কাউকে বেআইনিভাবে আটক করে মারধর করার অধিকার কারও নেই। কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নিতে পারে না।’
অভিযোগের বিষয়ে জানতে ইউপি সদস্য আলমগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে এখন পর্যন্ত ভুক্তভোগী বা তাঁর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
- বিষয় :
- লক্ষ্মীপুর
- মারধর
- ইউপি সদস্য