ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

খাসজমিতে গণঅধিকারের কার্যালয় স্থাপন নিয়ে সংঘর্ষ, আহত ১৫

খাসজমিতে গণঅধিকারের কার্যালয় স্থাপন নিয়ে সংঘর্ষ, আহত ১৫
×

প্রতীকী ছবি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৩৬

পটুয়াখালীর গলাচিপায় খাসজমিতে গণঅধিকার পরিষদের কার্যালয় স্থাপন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজারে এ সংঘর্ষ হয়। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাদুরা বাজারের জমির সীমানা নিয়ে পটুয়াখালী সদরের আউলিয়াপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল হাওলাদারের সঙ্গে স্থানীয় বাসিন্দা খোকন মৃধার বিরোধ রয়েছে। তাদের জমির সামনেই বাদুরা বাজারের সরকারি চান্দিনা ভিটা রয়েছে।

ওই ভিটায় দুপুরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা কার্যালয় স্থাপনের জন্য ঘর নির্মাণ করতে যান। এ সময় বাবুল হাওলাদারের লোকজন তাদের বাধা দেয়। তর্কাতর্কির এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এতে আহত ব্যক্তিদের মধ্যে কাওসার মৃধা (৪০), আবুবকর (২৯), শফিক (২৯), মনসুর (২৪), শাকিল (২৬), রেজাউল করিম (৩২), সামছুল আলম (২৮), শিহাব (২০) ও সুজনের (২৫) নাম জানা গেছে। তারা পটুয়াখালী ও গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বাবুল হাওলাদারের ভাষ্য, ‘বাদুরা বাজারে আমাদের ৪৬ শতাংশ জমি রয়েছে। গতকাল শুক্রবার দুপুরে গণঅধিকার নেতা এমদাদের নেতৃত্বে বেশ কয়েকজন আমাদের কেনা সম্পত্তিতে অবৈধভাবে ঘর তুলতে যান। আমরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।’

খোকন মৃধা বলেন, তাঁর মালিকানাধীন জমির সামনে হাটবাজারের সরকারি চান্দিনা ভিটা রয়েছে। ওই জমির পাশেই বাবুল হাওলাদারের জমি। বাবুল হাওলাদার সরকারি জমি দখলের চেষ্টা করছিলেন।

গণঅধিকার পরিষদের আমখোলা ইউনিয়ন কমিটির সদস্য সচিব এমদাদ হোসেন বলেন, তারা খাসজমিতে দলের অফিসঘর নির্মাণ করতে যান। এ সময় বাবুল হাওলাদারের লোকজন হামলা করেন। এতে তাদের ১০ কর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে কিছুই জানা নেই ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. আলাউদ্দিনের। তিনি মোবাইল ফোনে বলেন, ‘আজকে বন্ধের দিন। ঘটনাস্থল না গিয়ে আমি কিছুই বলতে পারব না।’

গলাচিপা থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×