ক্লিনিকে ‘ভুল’ অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩৪
| প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার তালা উপজেলায় ভুল অস্ত্রোপচারের পর এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পরে উপজেলার ‘তালা সার্জিক্যাল ক্লিনিকে’ ভাঙচুরের চেষ্টা চালায় রোগীর স্বজন ও বিক্ষুব্ধ জনতা। গতকাল শুক্রবার সন্ধ্যায় খুলনা পাইকগাছা সড়কের তালা বাজার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতের নাম সাধন বিশ্বাস। তিনি খুলনা জেলার পাইকগাছা উপজেলার মাহামুদকাটি গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে। তৃতীয় দফার অস্ত্রোপচারের পর তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তবে এর আগে দুই দফায় তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল স্থানীয় ওই ক্লিনিকে।
স্বজনের অভিযোগ, ক্লিনিকটির মালিক বিধান চন্দ্র রায় তাদের পূর্বপরিচিত। মাসখানেক আগে সাধন বিশ্বাসের পেটে প্রচণ্ড যন্ত্রণা শুরু হলে তারা সেখানে তাঁকে ভর্তি করেন। ওই সময় ক্লিনিক মালিক বিধান রায়ের পরামর্শে সাধন বিশ্বাসের অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করেন ডা. আব্দুর রহমান।
এর কিছুদিন পর অস্ত্রোপচারে ভুল হয়েছে জানিয়ে ক্লিনিকের মালিক বিধান চন্দ্র রায় দ্বিতীয়বার অস্ত্রোপচার করেন। পরে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তৃতীয়বার অস্ত্রোপচার করা হলে গতকাল শুক্রবার দুপুরে সাধন বিশ্বাসের মৃত্যু হয়।
স্থানীয়দের মধ্যে জহর হোসেন সাগর বলেন, সাধনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় লাশ নিয়ে স্বজন ও স্থানীয় জনতা ক্লিনিকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে ক্লিনিক ভাঙচুর করতে উদ্যত হয়। ওই সময় তোপের মুখে পড়েন ক্লিনিকের মালিক বিধান চন্দ্র রায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিকী বলেন, এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্লিনিকের সামনে কিছু লোকজন জড়ো হয়েছিল। তবে সেখানে ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি।
এ বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, ঘটনাটি তাঁর জানা নেই। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করলে, সেটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এ বিষয়ে জানতে তালা সার্জিক্যাল ক্লিনিকের মালিক বিধান চন্দ্র রায়কে কল দিলেও তিনি তা ধরেননি।
- বিষয় :
- ক্লিনিক