চেয়ারম্যানের অনিয়ম নিয়ে কথা বলায় ৩ জনকে কুপিয়ে জখম
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪০
| প্রিন্ট সংস্করণ
গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদের দুর্নীতির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বক্তব্য দেওয়ায় বিএনপির সাবেক এক নেতাসহ তিনজনকে দেশি অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় নলুয়াবাগী বাঁধঘাট বাজারে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গোলখালী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার খলিফা সাত-আট দিন আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদের নানাবিধ অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে সামাজিক মাধ্যমে বক্তব্য দেন। এতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নলুয়াবাগী বাঁধঘাট বাজারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদ ও তাঁর ভাতিজা দেলোয়ার আকনের নেতৃত্বে ১০-১২ জন দেশি অস্ত্র নিয়ে হামলা চালান।
হামলায় আনোয়ার খলিফা, শামিম খলিফা ও মামুন খলিফা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গোলখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদ বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় নলুয়াবাগী বাঁধঘাট বাজারে এলাকার লোকজন নিয়ে আমি একটি উন্নয়ন সভা শেষ করে বাড়ি চলে আসি। এর পর আনোয়ার খলিফার নেতৃত্বে ১০-১২ জন লোক উন্নয়ন সভায় হামলা চালায়। এ সময় আমি বা আমার কোনো লোক উপস্থিত ছিলাম না।’
গলাচিপা থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, মারধরের ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
- বিষয় :
- জখম