ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি শুধু নির্বাচনের সময় নয়, ৩৬৫ দিনই মানুষের পাশে থাকে: পানিসম্পদমন্ত্রী

বিএনপি শুধু নির্বাচনের সময় নয়, ৩৬৫ দিনই মানুষের পাশে থাকে: পানিসম্পদমন্ত্রী
×

মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সমকাল

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:২৯

পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি শুধু নির্বাচনের সময় নয়, বছরের ৩৬৫ দিনই মানুষের পাশে থাকে। অতীতেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে।

শনিবার সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের মান্দারী জিল্লুর রহিম কলেজ মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিনামূল্যে বিশেষায়িত মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের সময় ভোটারদের প্রভাবিত করার প্রসঙ্গ তুলে এ্যানি বলেন, ভোটের এক সপ্তাহ আগে যে সমস্ত টিকিট যারা দিছে, হেতাগো মত কিছু আইডি কার্ডও পকেটের মধ্যে ১ হাজার, ১ হাজার করে ঢুকায় দিতাম। ভোটের দিন তো কিছু আন যাইতো, নাকি? কিন্তু না! বিএনপি সেই রাজনীতিতে বিশ্বাসী না।

তিনি আরও বলেন, চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি একটি বড় আয়োজন পরিচালনায় খাবার, পানি, প্যান্ডেল, চেয়ার-টেবিল ও মাইকসহ বিভিন্ন খরচ থাকে। তবে এসব খরচের সঙ্গে নির্বাচনের আগে ভোটারদের অর্থ দেওয়ার বিষয়কে এক করে দেখা উচিত নয়।

এ্যানি আরও বলেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে, এজন্য আমার এবং আপনার দায়িত্ব হলো তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং ষড়যন্ত্রকে মোকাবিলা করা।

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, অনেক ষড়যন্ত্র হয়েছে। আমরা জানি, এই ষড়যন্ত্র মোকাবিলা করেই বিএনপি বারবার দেশের দায়িত্ব পালন করেছে।

বিনামূল্যে চিকিৎসাসেবা প্রসঙ্গে এ্যানি বলেন, ওষুধ লাগে, ডাক্তার আসতেছে, যাইতেছে, চিকিৎসা হবে। লোকালি চিকিৎসা হবে, আবার ঢাকার বড় চিকিৎসাও হবে।

কর্মসূচিতে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা, চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এতে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম (শাকিল), চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×