ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:০২

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুর থেকে মিরাজুল ইসলাম খলিফা (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে কোটালীপাড়া পৌরসভার আতিয়ার শেখের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মিরাজুল ইসলাম শিমুলবাড়ি গ্রামের লাল মিয়া খলিফার ছেলে। তিনি দুই সন্তানের জনক।

মিরাজুলের বোন নুপুর বেগম জানান,  ভাই মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা না দিলে তিনি পরিবারের সদস্যদের মারধর ও ঘরবাড়ি ভাঙচুর করতেন। শুক্রবার দুপুরে মায়ের কাছ থেকে ২০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন মিরাজুল। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি। সকালে এলাকার মানুষ বাড়ির পাশের পুকুরে মিরাজুলের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নুপুর বেগম আরও জানান, মাদকাসক্তির কারণে প্রায় এক বছর আগে মিরাজুলের সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান বর্তমানে মিরাজুলের মায়ের কাছে থাকে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, মিরাজুলের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন

×